২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঋণ সঙ্কট কাটাতে জরুরি বৈঠক

যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের বাজেট অনুমোদিত না হওয়ায় সরকারি বিভিন্ন কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থার মধ্যে ঋণ সঙ্কট এড়াতে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে জরুরি বৈঠক শুরু করেছেন প্রেসিডেন্ট ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

এরই মধ্যে ৯০ মিনিটের আলোচনাকে দুপক্ষই ইতিবাচক বলে উল্লেখ করলেও বৃহস্পতিবার রাতের এ বৈঠকে দুপক্ষ কোনো সমঝোতায় পৌঁছায়নি। সর্বশেষ খবর অনুযায়ী দুপক্ষের মধ্যে তীব্র দরকষাকষি চলছে।

তবে সঙ্কট নিরসনের ব্যাপারে বৈঠকে অংশ নেয়া দুপক্ষকেই আন্তরিক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ডেমক্র্যাট ও রিপাবলিকান, উভয়পক্ষের প্রতিনিধিরাও এই বৈঠকে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত স্বাস্থ্যবীমা বিল নিয়ে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে দ্বন্দ্ব সরকারে অচলাবস্থার সূত্রপাত ঘটায়। ওই বিল সম্বলিত নতুন অর্থবছরের বাজেট ডেমক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটের অনুমোদন পেলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ তা আটকে দেয়।

নতুন বাজেট অনুমোদিত না হওয়ায় অর্থ সঙ্কটে ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হয়। গত ১০ দিন ধরে চলা এ সঙ্কটকালে যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। বেতন দিতে না পারায় লাখ লাখ সরকারি কর্মচারীকে কাজ বন্ধ রেখে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

ফেডারেল সরকারের অধীনে পরিচালিত জাতীয় জাদুঘর, স্ট্যাচু অব লিবার্টি পার্কসহ দেশের সবগুলো ন্যাশনাল পার্ক ও নাসার মতো মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

এ অচলাবস্থার মুখে ঋণসীমা বাড়ানোর বিষয়টি আরেকটি সঙ্কট হয়ে বিরাজ করছে। আগামী ১৭ অক্টোবরের আগে ঋণসীমা বাড়ানো না গেলে যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হয়ে যাবে। সব ধরনের বিল পরিশোধ করতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র সরকার। অন্যান্য বিলসহ প্রতি সপ্তাহে দেয় ৩ কোটি বিল পরিশোধে ব্যর্থ হবে দেশটির অর্থমন্ত্রণালয়।

এতে “মারাত্মক বিপর্যয়” দেখা দেবে বলে সতর্ক করেছে সিনেটের ফাইন্যান্স কমিটি।

এসব অচলাবস্থা ও ঋণ খেলাপি হওয়া ঠেকাতে শুক্রবারের মধ্যেই একটি চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এক রিপাবলিকান নেতা।

জরিপে দেখা গেছে, সরকারের অচলাবস্থার জন্য রিপাবলিকানদেরেই দায়ী মনে করছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। এতে আসছে ২০১৪ সালের কংগ্রেস নির্বাচনে জনসর্মথন হারানোর শঙ্কা তৈরি হয়েছে রিপাবলিকান নেতাদের মধ্যে।

রিপাবলিকান সমর্থক ব্যবসায়ীরাও অবচলাবস্থা নিরসনে দলটির ওপর চাপ সৃষ্টি করছে। কারণ সরকারি অচলাবস্থা প্রভাব বেসরকারী খাতের ওপরও পড়া শুরু হয়েছে।

সব পরিস্থিতি বিবেচনায় বিপর্যয় এড়াতে সরকারি ঋণ গ্রহণের সীমা কয়েক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছে বিরোধী রিপাবলিকানরা। অপরদিকে ঋণসীমা বাড়ানোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সরকারি কার্যক্রম শুরু করার জন্য বিরোধীদের রাজি করানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ওবামা।