২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

জাপানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে আগুন লেগে অন্ততেপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন রোগী ও হাসপাতালের দুইজন কর্মী রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

জানা গেছে, চারতলা ওই অর্থোপেডিক হাসপাতালটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়ে সেটি সারা ভবনে ছড়িয়ে পড়ে।

ওই সময় হাসপাতালটিতে ১৭ জন রোগী অবস্থান করছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক রোগীও ছিলেন।

তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচতলায় আগুনের লাল লেলিহান শিখার সঙ্গে তারা প্রচুর ধোঁয়াও দেখতে পেয়েছেন। সেই সেঙ্গ কেউ কেউ হাসপাতালের বিছানাগুলো পুড়তে দেখেছেন।

এক সংবাদসম্মেলনে একজন অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেন, “মানুষের জীবনরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি। কিন্তু এটি অত্যন্ত জটিল এক পরিস্থিতি ছিল।”

ওই কর্মকর্তা আরো জানান, “আমরা আগুন লাগার ঘটনার সংবাদ অনেক দেরীতে পেয়েছি। আর ঘটনার শুরুর দিকে সেটি নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করা হয়নি।”

“রোগীরা প্রচুর ধোঁয়ার মধ্যে আটকে পড়েন […] আমরা এ ঘটনার তদন্ত করবো”, বলেন তিনি।

এ ঘটনায় অন্ততপক্ষে পাঁচব্যক্তি আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।