ছেলেকে দেখতে মস্কোয় স্নোডেনের বাবা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে দেখতে রাশিয়ায় পৌঁছেছেন তার বাবা লন স্নোডেন।
বৃহস্পতিবার মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরে পৌঁছান তিনি। এডওয়ার্ড স্নোডেন পালিয়ে রাশিয়ায় যাওয়ার পর এই বিমানবন্দরেরই ট্রানজিট এলাকায় এক মাসেরও বেশি সময় আটকা পড়েছিলেন।
পরে রাশিয়া তাকে আশ্রয় দেয়। এ আশ্রয়লাভের পর এই প্রথম বাবার সঙ্গে ছেলের দেখা-সাক্ষাৎ হচ্ছে।
লন বিমানবন্দরে পৌঁছে বলেন, ছেলের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে ছেলে নিরাপদে আছে জেনে তিনি কৃতজ্ঞ।
এডওয়ার্ড স্নোডেন কোথায় আছেন তা রাশিয়া কর্তৃপক্ষ এমনকি তার আইনজীবী কেউই জানায়নি।
তবে রাশিয়ায় গিয়ে ছেলের দেখা পাবেন বলেই আশা প্রকাশ করেছেন লন স্নোডেন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “আমি আমার ছেলেকে ভালোবাসি। আমি তার বাবা। আশা করি তাকে দেখার সুযোগ পাব।”
