মার্কিন সামরিক সহায়তা বন্ধের সমালোচনায় মিশর
মিশরকে ১৩০ কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির সেনা-সমর্থিত সরকার।
মিশরে কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র গত বুধবার দেশটিতে বড় অংকের নগদ অর্থ ও সামরিক সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।
মিশরে ইসলামপন্থিদের ওপর সরকারের দমনাভিযানে শ’ শ’ মানুষের মৃত্যুর পর দেশটিতে সহায়তা বন্ধের এ সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর।
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মিশরে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সহায়তা বন্ধ থাকবে বলে জানায় যুক্তরাষ্ট্র সরকার।
এর সমালোচনা করে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি বলেন, “এ সিদ্ধান্ত ভুল। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মিশর নতি স্বীকার করবে না। তারা গণতন্ত্রের পথে অগ্রযাত্রা চালিয়ে যাবে”।
সামরিক সহায়তা বন্ধের আওতায় মিশরকে অ্যাপাচি হেলিকপ্টার, হারফুন ক্ষেপণাস্ত্র, এফ-১৬ জঙ্গিবিমান ও এম১এ১ আব্রাম্স ট্যাঙ্ক দেয়া হবে না। সেইসঙ্গে মিশরে ২৬ কোটি ডলারের নগদ অর্থ এবং ৩০ কোটি ডলারের ঋণ গ্যারান্টিও বন্ধ থাকবে বলে জানিয়েছে যু ক্তরাষ্ট্র।
