যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাইস-অ্যাডমিরাল পদচ্যুত
অবৈধ জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাইস-অ্যাডমিরাল টিমোথি জিয়ার্দিনা।
তিনি দেশটির পারমানবিক অস্ত্রবাহিনী তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
নৌবাহিনীর শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বুধবার জিয়ার্দিনাকে সরিয়ে দেয়ার ঘোষণা দেন।
জিয়ার্দিনার সহকারী সাময়িকভাবে তার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
জিয়ার্দিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ক্যাসিনোতে ‘উল্লেখযোগ্য অর্থের জন্য’ জুয়ার জাল যন্ত্রপাতি ব্যবহার করেছেন। ক্যাসিনোটি তার কর্মস্থল পূর্ব নেবরাস্কা থেকে খুব বেশি দূরে নয়।
৩ সেপ্টেম্বর জিয়ার্দিনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের নেভাল ক্রাইম ইনভেস্টিগেটিভ সার্ভিস বিষয়টি নিয়ে তদন্ত করছে।
তদন্ত প্রতিবেদন আসার পর দোষী সাব্যস্ত হলে তাকে পদত্যাগ করতে হবে।
সেপ্টেম্বরে লোয়া ডিভিশন অব ক্রাইম ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্ট ডেভিড ডালেস স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, এতে ‘উল্লেখযোগ্য পরিমাণ অর্থ’ জড়িত আছে।
যুক্তরাষ্ট্রের পারমানবিক অস্ত্রবাহিনীতে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে অগাস্টে মন্টনার ম্যাল্সট্রোম বিমান বাহিনীর একটি পারমানবিক ক্ষেপণাস্ত্র বিভাগ নিরাপত্তা এবং সুরক্ষার পর্যবেক্ষণে ব্যর্থ হয়। এর পর একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
এছাড়া উত্তর ডেকোটায় মে মাসে মিনট বিমানবাহিনীর ১৭ জন কর্মকর্তা যারা পারমানবিক ক্ষেপণাস্ত্র তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তাদের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে সরিয়ে দেয়া হয়।
