কিউবায় গ্রানমা পত্রিকার নতুন সম্পাদক
কিউবার প্রধান দুইটি দৈনিক সংবাদপত্র গ্রানমা এবং জুভেনতুদ রেবেলদে এর সম্পাদক পদে নতুন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে সরকার।
দেশটির কমিউনিস্ট সরকার একে ‘নবায়ন’ হিসেবে বর্ণনা করেছে।
কিউবায় সংবাদ মাধ্যমগুলোকে সরকারের কড়া নিয়ন্ত্রণ থাকতে হয়।
বিবিসি জানায়, গ্রানমার নতুন সম্পাদকের নাম পেলায়ো টেরি। তিনি লাজারো বারেদোর স্থলাভিষিক্ত হয়েছেন। বারেদো আট বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ইথিওপিয়ার সাবেক যুদ্ধ সংবাদদাতা টেরি সর্বশেষ জুভেনতুদ রেবেলদের সম্পাদক ছিলেন।
টেরির স্থলে তার সহকারী ম্যারিয়ান মেনেনদেজকে জুভেনতুদ রেবেলদের সম্পাদক করা হয়েছে।
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পরিষদ পত্রিকা দুইটির সম্পাদক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গ্রানমা কেন্দ্রীয় পরিষদের মুখপত্র এবং জুভেনতুদ রেবেলদে দলের তরুণ অংশের পত্রিকা।
গ্রীষ্মে দলের সভায় নেতারা কিউবায় নতুন ধরণের সাংবাদিকতা শুরু করার আহ্বান জানান, যেখানে নিজস্ব কাটছাট এবং গোপনীয়তা কম থাকবে। ওই সিদ্ধান্তের পর এটাই প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদিও কিউবায় পত্রিকা এবং টেলিভিশন সংবাদের ওপর সরকারের চাপ অব্যাহত রয়েছে। সেখানে সরকারি কর্মকর্তাদের আনুষ্ঠানিক সফর এবং দেশের অর্থনীতির ওপর ইতিবাচক সংবাদ প্রকাশ করতে চাপ দেয়া হয়।
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো দেশটির সংবাদ মাধ্যমকে ‘বিজয়ী’ এবং ‘কৈফিয়তমূলক’
হিসেবে বর্ণনা করেন।
বড় ভাই ফিদেল ক্যাস্ট্রো স্বাস্থ্য জনিত কারণে ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালে রাউল ক্যাস্ট্রো ক্ষমতায় আসেন।
ক্ষমতাগ্রহণের পর দেশের অর্থনীতিকে স্থিতিশীল এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন রাউল। যার অংশ হিসেবে দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণের নিয়ম কানুন এখন অনেক সহজ করা হয়েছে।
