২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে উঠছেন কির্চনার

অস্ত্রোপচার করে মস্তিষ্ক থেকে জমাট রক্ত অপসারণের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার কোন ধরনের জটিলতা ছাড়াই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার বুয়েন্স আইরিসের ফাভালোরো ফাউন্ডেশন হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা ক্রিস্টিনার মস্তিষ্ক থেকে জমাটবাধা রক্তপিণ্ড অপসারণ করেন বলে বিবিসি জানিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেদো স্কোকিমারো বলেন, “তিনি ভালো আছেন এবং আজ (বৃহস্পতিবার) থেকে মুখে খাওয়া শুরু করবেন।“

৬০ বছর বয়সী ক্রিস্টিনা দুই মাস আগে মাথায় আঘাত পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে অন্য কারণে চিকিৎসকের কাছে যাওয়ার পর তার মস্তিস্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে।

ক্রিস্টিনা তার বাম বাহুর কার্যক্ষমতা হারাতে শুরু করলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। জরুরি এই অস্ত্রোপচারের কারণে দেশটির পার্লামেন্ট নির্বাচনের প্রচারাভিযানে আপাতত অংশ নিতে পারছেন না ক্রিস্টিনা।

তবে কবে তিনি ফিরতে পারবেন সেটাও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুরুতে চিকিৎসকরা ক্রিস্টিনাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সাবডুরাল হিমাটোমা ধরা পড়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

ক্রিস্টিনা ২০০৭ সালে প্রথম মেয়াদে এবং ২০১১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০১০ সালে ক্রিস্টিনার স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্তোর কির্চনার মারা যাওয়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তিনি নিম্ন রক্তচাপে ভুগছেন এবং ২০১২ সালে থাইরয়েড গ্রন্থিতে অস্ত্রোপচার করিয়েছেন।