২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয় মোদিকে

ভারতের জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশটির শহুরে ভোটারদের ৪২ শতাংশই এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা কোনা দলকে ভোট দেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 03:17 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

গুগল ইন্ডিয়া পরিচালিত জরিপে এ তথ্য পাওয়া গেছে। আসন্ন নির্বাচনে ইন্টারনেট কি ভূমিকা রাখবে সেটা দেখার জন্যই গুগল এ জরিপ চালায়।

২০১৪ সালের মে মাসে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই জরিপে দেখা গেছে, গত ছয় মাসে ইন্টারনেটে খোঁজ করা রাজনৈতিক নেতাদের মধ্যে নরেন্দ্র মোদি সবার ওপরে আছেন। এরপরে আছেন যথাক্রমে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মনমোহন সিং, অরভিন্দ কেজরিওয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

যেসব দলের খোঁজ সবচেয়ে বেশি করা হয়েছে তার মধ্যে শীর্ষে মোদির বিজেপি। এরপর যথাক্রমে- কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি এবং শিব সেনা।

জরিপের ফলাফলে আরো দেখা গেছে, অধিকাংশ শহুরে ভোটার জানিয়েছেন দলের চাইতে স্থানীয় প্রার্থী কে সেটা তাদের কাছে ভোট দেয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আর ১১ শতাংশ ভোটার মনে করেন দলের প্রধানমন্ত্রী প্রার্থী কে তার ওপর ভোটারদের সিদ্ধান্ত অনেকখানি নির্ভর করবে।

যদিও দুই-তৃতীয়াংশ তালিকাভুক্ত ভোটার তাদের রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে অনলাইনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

জরিপে অংশগ্রহণকারীরা স্থানীয় প্রার্থীদের সম্পর্কে ইন্টারনেটে আরো বেশি তথ্য দেয়ার কথা জানিয়েছেন। যাতে সেটা তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

আর যেসব ভোটার সিদ্ধান্ত নিতে পারেননি তাদের অর্ধেকই মনে করেন প্রার্থী সম্পর্কে ইন্টারনেটে যথেষ্ট তথ্য দেয়া হয়নি।