তিব্বতে বিক্ষোভকারীদের চীনা পুলিশের গুলি
অধিকৃত তিব্বতে বিক্ষোভকারী গ্রামবাসীদের লক্ষ করে চীনা পুলিশের চালানো গুলিতে অন্ততপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
গ্রামবাসীরা পুলিশের হাতে আটক এক আন্দোলনকারীকে ছেড়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করছিল।
রোববার তিব্বতের বিরু জেলায় এ ঘটনা ঘটেছে বলে মানবাধিকার আন্দোলনকারী গোষ্ঠী ‘ফ্রি তিব্বত’ ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ‘ফ্রি এশিয়া’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত একটি প্রতিবাদে নেতৃত্ব দেয়ার অভিযোগে ওই আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
তিব্বতিদের বাড়ির বাইরে চীনের পতাকা উড়াতে অস্বীকার করা নিয়ে ওই মাসে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। আটক ব্যক্তির বিরুদ্ধে ওই রকম একটি ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ ধরনের কোনো প্রতিবেদন সম্পর্কে তার কিছু জানা নেই, তাই এ বিষয়ে তিনি কিছু বলতেও পারবেন না।
তিব্বতের বিরু জেলার জননিরাপত্তা ব্যুরোর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “এখানে কোনো প্রতিবাদ হয়নি, কারো আঘাত পাওয়ার ঘটনাও ঘটেনি।”
চীনের একটি স্বায়ত্বশাসিত এলাকা হিসেবে তিব্বত পরিচালিত হয়ে আসছে। কিন্তু স্বায়ত্বশাসিত এই এলাকায় ধর্মীয় ও রাজনৈতিক দমন চালানোর জন্য চীনকে অভিযুক্ত করছে মানবাধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো।
এ ধরনের অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে চীন।
চীনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিব্বতে বিদেশি গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এসব ঘটনা স্বাধীনভাবে যাচাই করা মোটামুটি অসম্ভব বলে জানিয়েছে বিবিসি।
