পাকিস্তানে আবারো পোলিওকর্মীদের ওপর হামলা
পাকিস্তানের পেশোয়ারে পোলিও টিকা কর্মসূচির প্রচারাভিযানে এক বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্ততপক্ষে ছয় জন নিহত হয়েছেন।
দেশটির উত্তর-পশ্চিম পেশোয়ারের শহর বাধ ভের-এর প্রান্তীয় এলাকার হাসপাতালের কাছে একটি ভ্যানে এই বিস্ফোরনের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, নিহত ছয় জনের মধ্যে চার জন পুলিশ এবং দুজন স্থানীয় শান্তিরক্ষা বাহিনীর সদস্য। পোলিও টিকা কর্মসূচির প্রচারাভিযানের অংশ হিসেবে তারা ওই ভ্যানে চড়ে যাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের (রিমোট) মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
জঙ্গিরা এর আগেও পোলিওবিরোধী অভিযান চালানো কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে এবং হত্যাকাণ্ডও ঘটিয়েছে।
বর্তমানে পৃথিবীতে পোলিও কবলিত মাত্র তিনটি দেশের মধ্যে একটি পাকিস্তান। পোলিও প্রতিষেধক টিকা নিয়ে জঙ্গিদের নেতিবাচক মনোভাব এর জন্য অনেকাংশে দায়ী।
জঙ্গিরা অনেক অঞ্চলে টিকা প্রদানকারী দলকে ঢুকতে পর্যন্ত দেয় না। ফলে হাজার হাজার শিশু পোলিও টিকা গ্রহণ করা থেকে বঞ্চিত হয়।
২০১১ সালে হেপাটাইটিসের টিকা দেয়ার কর্মসূচির আড়ালে সিআইএ’র একজন সদস্য আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন অবস্থান খুঁজে বের করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে লাদেন নিহত হন।
