আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বিশ্রামের পরামর্শ
মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারকে এক মাসের জন্য বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
৬০ বছর বয়সী ক্রিস্টিনা অন্য একটি সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে বলে বিবিসি জানিয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেদো স্কোকিমারো এক বিবৃতিতে জানান, রোববার অনিয়মিত হৃদস্পন্দন এবং মাথা ব্যথা নিয়ে হাসপাতালে যান ক্রিস্টিনা। সেখানেই রক্তক্ষরণের বিষয়টি জানা যায়।
‘দীর্ঘমেয়াদি’ তবে ‘তীব্র নয়’ বলে বিবৃতিতে প্রেসিডেন্টের বর্তমান অবস্থা বর্ণনা করা হয়। তবে ক্রিস্টিনা হাসপাতালে ভর্তি হননি।
এদিকে ক্রিস্টিনার দায়িত্ব গ্রহণের জন্য ভাইস-প্রেসিডেন্ট আমাদো বউদউ ফ্রান্স থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন।
দেশটির কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ক্রিস্টিনা প্রচারাভিযান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। এ অবস্থায় অসুস্থতার কারণে তিনি প্রচারাভিযানে অংশ নিতে না পারলে তা দলের জন্য ক্ষতিকর হবে।
আসন্ন ২৭ অক্টোবরের নির্বাচন নিয়ে চালানো জরিপে দেখা গেছে ক্রিস্টিনার নেতৃত্বাধীন সরকার দেশটির কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারেন।
২০০৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্রিস্টিনা। পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন তিনি।
