ইতালির নৌকাডুবি: আরো লাশ উদ্ধার
ইতালির ছোট্ট দ্বীপ লেমপেদুসার কাছে গত সপ্তাহে আফ্রিকার অভিবাসী বহনকারী নৌকাডুবির পর এখনো উদ্ধার হচ্ছে আরো লাশ।
খারাপ আবহওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটার পর রোববার থেকে আবার শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রথম আধঘণ্টায় উদ্ধার হয়েছে আরো অন্তত ১০ টি মৃতদেহ।
এ পর্যন্ত উদ্ধার হওয়া লাশের সংখ্যা ১১১ টি। জীবিত উদ্ধার হয়েছে ১৫৫ জন।
এখনো নিখোঁজ ২শ’র বেশি মানুষ। অনেকের হদিস হয়ত আর কখনোই পাওয়া যাবে না। বলছে কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা।
নৌকার ধ্বংসস্তুপের আশেপাশে প্রায় ১শ’ লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গত বৃহস্পতিবার ডুবে যাওয়া এ নৌকাটিতে প্রায় পাঁচশ’ যাত্রী ছিল। এদের সবাই ইতালিতে আশ্রয় পেতে নৌকায় করে সেদেশে যাচ্ছিল।
নৌকাটি লেমপেডুসার কাছে পৌঁছার পর এটিতে আগুন ধরে যায়। এরপরই এটি পানিতে ডুবে যায়।
নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। যাত্রীদের বেশিরভাগই ছিল ইরিত্রিয়ার নাগরিক বলে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র লরেন্স জোলস।
