যুক্তরাষ্ট্রে অচলাবস্থা: পেন্টগন কর্মীদের কাজে যোগ দেয়ার নির্দেশ
যুক্তরাষ্ট্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) বেসামরিক কর্মীদের আগামী সপ্তাহ থেকে আবার কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। কংগ্রেসে নতুন বাজেট অনুমোদিত না হওয়ায় অচলাবস্থার মধ্যে পড়া সরকার এসব কর্মীকে বেতন দিতে পারবে না বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চার লাখ কর্মীর মধ্যে নব্বই শতাংশকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
“পে আওয়ার মিলিটারি অ্যাক্ট” এর আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। অচলাবস্থা শুরুর আগের দিন সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা এই অ্যাক্টটি নবায়ন করেন।
নতুন অর্থ বছরের বাজেট নিয়ে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমক্রেটদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রস্তাবিত বাজেট পাশ হয়নি। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের মন্ত্রণালয়গুলোর অধিকাংশ কার্যক্রম পাঁচদিন ধরে বন্ধ রয়েছে।
তবে বেতন না দিয়েই বাড়িয়ে পাঠিয়ে দেয়া ৮ লাখ ফেডারেল কর্মীর পাওনা মিটিয়ে দেয়ার বিষয়ে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। রিপাবলিকান-ডেমক্রেট বিরল সহযোগিতায় প্রতিনিধি পরিষদে ৪০৭ -০ ভোটে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, অচলাবস্থা নিরসন হলেই কর্মীদের প্রাপ্ত পাওনা মিটিয়ে দেয়া হবে। তবে ফেডারেল বাজেট নিয়ে অচলাবস্থা এখনও বজায় আছে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রক সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ওবামার হেলথ কেয়ার সংস্কার আইনের বিষয়ে আপত্তি জানিয়ে বাজেট অনুমোদন করতে অস্বীকার করেছে। হেলথ কেয়ার সংস্কার আইন বাস্তবায়নে দেরী করতে বা এর জন্য বরাদ্দ প্রত্যাহার করতে প্রেসিডেন্ট ওবামা রাজি হলেই কেবল তারা তা অনুমোদন করবে বলে জানিয়েছে।
রিপাবলিকানদের এই প্রস্তাব প্রত্যাখান করেছেন ওবামা ও তার ডেমক্রেট দল।
