‘রুহানির যুক্তরাষ্ট্র সফরের সব কিছু ঠিক হয়নি’
প্রেসিডেন্ট হাসান রুহানির যুক্তরাষ্ট্র সফরে কূটনৈতিক তৎপরতার যে সূচনা হয়েছে তাতে সমর্থন জানালেও সেখানকার কিছু বিষয় ঠিক হয়নি বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।
অবশ্য আপত্তির বিষয়টি স্পষ্ট করেননি ইরানের এই ধর্মীয় নেতা।
তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট রুহানির ফোনালাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিতর্ক নিরসনে মধ্যস্ততার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর তার আস্থা নেই।
শনিবার খামেনির এক বিবৃতির বরাত দিয়ে ইসনা বার্তা সংস্থা একথা জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষা ও কূটনীতির সর্বোচ্চ নীতিনির্ধারক খামেনি বলেন, নিউ ইয়র্ক সফরে কূটনীতির ক্ষেত্রে রুহানি যে নমনীয়তা দেখিয়েছেন তা গুরুত্বপূর্ণ। তবে ইরানের শত্রু কারা সে বিষয়ে সব সময় সজাগ থাকতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক যান রুহানি। তখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিতর্ক নিরসনে আলোচনার জন্য নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার ফোনে কথা হয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয় তারপর দুই দেশের প্রেসিডেন্টের এটাই প্রথম ফোনালাপ।
ওই সফর শেষে দেশে ফিরেই বিক্ষোভের মুখে পড়েন রুহানি। বিমানবন্দরেই তার গাড়িবহরে জুতা ও ডিম নিক্ষেপ করা হয়।
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। এজন্য দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
তবে গত জুনের নির্বাচনে জয়ী হয়ে ইরানের ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমাদের সঙ্গে বিরোধ নিরসনে আগ্রহ প্রকাশ করে আসছেন রুহানি।
