২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন করে সংঘর্ষ, নিহত ৫

মিশরের রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থকরা সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসলে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2013, 11:53 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

কায়রোয় নিরাপত্তা বাহিনীকে উপেক্ষা করে মুরসির দল মুসলিম ব্রাদারহুড সমর্থকরা তাহরির স্কয়ারে জড়ো হওয়ার চেষ্টা নিলে সেনাযান থেকে তাদের ওপর তাজা গুলি ছোড়া হয়।এতে গুলিবিদ্ধ হয়ে ব্রাদারহুডের এক সমর্থক নিহত হয় বলে জানানো হয়েছে কয়েকটি হাসপাতাল সূত্রে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় আসুয়িত শহরে সংঘর্ষে গুলিতে নিহত হয় ৪ জন।চিকিৎসা সূত্রে একথা জানা গেছে। তবে নিহতরা কোন পক্ষের তা জানা যায়নি।

সরকার কোনো বিক্ষোভকারী নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া ও নীল ডেল্টায়ও সেনা শাসন বিরোধী মিছিল শুরুর পর মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষ চলাকালে মুরসি বিরোধীরা ব্রাদারহুডকর্মীদের দিকে পাথর ছুঁড়তে থাকে, ব্রাদারহুডকর্মীরাও পাল্টা জবাব দেয়। পুলিশ বেশ কয়েকটি স্থানে তাজা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

কয়েক হাজার মুরসি সমর্থক উত্তর পূর্ব কায়রোর রাবা আল আদাবিয়ার দখল নিতে রওনা হলে পুলিশ তাদের প্রতিহত করে। ওই স্থানে গত অগাস্টে মুরসি সমর্থকদের দুটি গণঅবস্থান তাঁবুতে নিরাপত্তারক্ষীরা সাঁড়াশি অভিযাল চালালে কয়েকশ’ মানুষ নিহত হয়।

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় সৃষ্ট এক জনরোষের মুখে গত ৩ জুলাই সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের এই নেতার বেশকিছু বিতর্কিত পদক্ষেপের কারণে মিশরের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে চরম মতবিরোধ ও বিভক্তির সৃষ্টি হয়।