২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পেতে পারেন মালালা

পাকিস্তানে তালেবান হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া কিশোরী ও নারীশিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন- এ জল্পনা নিয়ে সোমবার শুরু হচ্ছে নোবেল পুরস্কারের মৌসুম।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

প্রতি বছরের মতো এবারো শান্তি এবং সাহিত্যে কে নোবেল পাচ্ছেন তা নিয়েই বেশি জল্পনা-কল্পনা চলছে।

এ বছর শান্তিতে নোবেলের জন্য জমা পড়েছে রেকর্ড ২৫৯ সংখ্যক মনোনয়ন।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট সে তালিকা প্রকাশ না করলেও অসলোর শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভাইকেন সম্ভাব্য নোবেল জয়ীদের একটি নিজস্ব সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন।

এ তালিকার প্রথমেই মালালার নাম আছে বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

হার্পভাইকেন বলেন, মালালা শুধু নারী, শিশুশিক্ষা এবং নিরাপত্তার প্রতীকই নয়, সে উগ্রপন্থা ও উত্পীড়নের বিরুদ্ধে লড়াইয়েরও প্রতীক।

তবে অনেকেই মনে করছেন, মাত্র ১৬ বছর বয়সী এই কিশোরীর পক্ষে এত বড় পুরস্কারের গুরুভার বহন করা সম্ভব নয়। তাই এখনই তার ওপর এ সম্মাননার বোঝা চাপানো ঠিক হবে না।

স্টকহোম শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রধান তিলম্যান ব্রুয়েক নরওয়ের সংবাদ সংস্থা এনটিবি’তে এ মত পোষণ করে বলেন, এবারের শান্তিতে নোবেল কলম্বিয়ার শান্তি মধ্যস্থতাকারী অথবা মিয়ানমারের সমাজ সংস্কারকদের দেওয়াটাই ঠিক হবে বলে মনে করেন তিনি।

এরা ছাড়াও এ বছর শান্তিতে নোবেল দেয়া হতে পারে কঙ্গোর চিকিত্সক ডেনিস মুকওয়েজে এবং রাশিয়া অথবা বেলারুশের অধিকারকর্মীদের কাউকে।

এ বছর প্রথম নোবেল পুরস্কার দেয়া হবে চিকিত্সায়। আগামী সোমবার স্টকহোমে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জুরি বোর্ড পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবে।