২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম ব্রাদারহুডের সম্পদ জব্দ হচ্ছে

কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার মুসলিম ব্রাদারহুডের সম্পদ জব্দ করতে যাচ্ছে মিশর সরকার। কার্যক্রম নিষিদ্ধ করার আগে গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মিশরীয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পদ জব্দ করার পাশাপাশি গোষ্ঠীটির পরিচালিত ব্যাপক সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ হাসপাতাল, স্কুল ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান অধিগ্রহণ করা হবে।

সম্প্রতি আদালতের এক আদেশে ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ হয়। তবে আপিলের জন্য কিছুটা বিলম্বের পর আদালত ব্রাদারহুড নিষিদ্ধের রায় নিশ্চিত করে।

মিশরের সামাজিক ঐক্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হানি মাহান্না বলেছেন, “শেষ রায়ের পর আইনিভাবেই তারা এখন নিষিদ্ধ।”

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধকরণের বিষয়টি তদারক করা ওই মন্ত্রণালয়ের মুখপাত্র মাহান্না জানিয়েছেন, ব্রাদারহুডের তহবিলের উৎস ও এর সম্পদ অধিগ্রহণের বিষয়ে তদন্ত করার জন্য মন্ত্রিসভা একটি কমিটি গঠন করেছে।

তিনি আরো বলেছেন, “মুসলিম ব্রাদারহুডের সঙ্গে দাতব্য এই প্রতিষ্ঠানগুলোর সরাসরি বা পরোক্ষ সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে তারা আদালতের আদেশের আওতায় পড়বে, আর ওই প্রতিষ্ঠানগুলো অধিগ্রহণ করে নেবে সরকার।”

১৪ মাস আগে মিশরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনের পর দেশটির ক্ষমতা মুসলিম ব্রাদারহুডের হাতে চলে যায়। ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ক্ষমতার এক বছরে তিনি মিশরকে মুসলিম ব্রাদারহুডের আদর্শের আদলে গড়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। ব্যাপক ক্ষমতা অধিগ্রহণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এসব নিয়ে মিশরজুড়ে অসন্তোষ, ব্যাপক গণবিক্ষোভ ও রক্তপাতের পর তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে সেনাবাহিনীর হাতে অন্তরীণ মুরসিকে জনসম্মুখে দেখা যায়নি।

কিন্তু মুরসির ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালায় মুসলিম ব্রাদারহুড। প্রতিবাদ দমাতে কঠোর পদক্ষেপ নেয় দেশটির সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার।

শত শত ব্রাদারহুড সদস্য ও মুরসি সমর্থক নিহত ও গোষ্ঠীটির শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের পর আন্দোলন স্তিমিত হয়ে আসে। এনজিও হিসেবে নিবন্ধিত মুসলিম ব্রাদারহুডের নিবন্ধন বাতিল করা হয়। যার জেরে কার্যক্রম নিষিদ্ধ হয় মুসলিম ব্রাদারহুডের।