পাকিস্তানে তালেবান কমান্ডারের বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান কমান্ডার নবি হানাফির বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওয়াজিরিস্তানের স্পিন থাল এলাকায় এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান বা (টিটিপি)।
কর্মকর্তারা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী গাড়িভর্তি বোমা নিয়ে হানাফির বাড়িতে হামলে পড়লে অন্তত ১৫ জন নিহত হয়।
কয়েকটি খবরে হানাফি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আফগান সীমান্তবর্তী ওরাকজাই থেকে আসা হানাফি একটি স্বায়ত্বশাসিত জনপদের নেতা।
একসময় টিটিপি ‘র সঙ্গে হানাফি ঘনিষ্ঠভাবে কাজ করলেও ২০০৮ সালের দিকে পক্ষ ত্যাগ করে নিজস্ব দল গঠন করেন।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী তালেবান দমনে তাকে কাজে লাগাতে পারেন বলে জল্পনা রয়েছে।
পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে আলোচনার যে উদ্যোগ নিয়েছে তাতেও হানাফির সায় আছে বলে জানানো হয়েছে কোনো কোনো সূত্রে।
এ কারণে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
