২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ থেকে বেরিয়ে যাচ্ছে গাম্বিয়া

কমনওয়েলথ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাম্বিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হলেও এর কোনো কারণ জানানো হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

তবে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জ্যামেহের সঙ্গে যুক্তরাজ্যের বৈরীভাবের কারণেই এমন ঘোষণা এসেছে বলে অনেকের ধারণা।
গাম্বিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ব্রিটিশ কমনওয়েলথ থেকে গাম্বিয়া সদস্যপত্র প্রত্যাহার করে নিয়েছে।“

“গাম্বিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর কখনো কোনো নব্য ঔপনিবেশিক প্রতিষ্ঠানের সদস্য হবে না। এমন কোনো সংগঠনের সদস্য হবে না যেটা আসলে উপনিবেশবাদের অংশ।”

৪৮ বছর আগে কমনওয়েলথে যোগ দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। যুক্তরাজ্যের পক্ষ থেকে গাম্বিয়ার সদস্যপদ প্রত্যাহারকে ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করা হয়েছে, জানিয়েছে বিবিসি।

দেশটির একজন বৈদেশিক কর্মকর্তা বলেন, “কমনওয়েলথের সদস্য থাকা না থাকা সম্পূর্ণভাবে সদস্যদেশগুলোর সরকারের ওপর নির্ভর করে। যখন গাম্বিয়া বা অন্য কোনো দেশে কমনওয়েলথের সদস্য পদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেটা আমাদের জন্য খুব দু:খজনক বিষয় হয়ে দাড়ায়।“

এর আগে ২০০৩ সালে জিম্বাবুয়ে কমনওয়েলথের সদস্যপদ প্রত্যাহার করেছিল।

১৯৯৪ সালে অভ্যুহ্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জ্যামেহ। দুই বছর আগে তিনি আভিযোগ করেছিলেন, যুক্তরাজ্য নির্বাচনের আগে তার বিরোধী দলকে সমর্থন করছে।

এ বছরের শুরুতে একটি বিদেশি প্রতিষ্ঠান গাম্বিয়ায় মানবাধিকারের অবস্থা বর্ণনা করতে গিয়ে জানিয়েছিলো, সেখানে রাজনৈতিক মামলায় বেআইনিভাবে কারাদণ্ড দেয়া হয়েছে, সংবাদপত্রগুলোকে অবৈধ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

গত অগাস্টে নয় ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ এ ধরনের অন্য সংগঠনগুলো গাম্বিয়া সরকারের কড়া সমালোচনা করেছে।

কমনওয়েলথের মোট সদস্য দেশ ৫৪টি। ওই সব দেশগুলোর বেশির ভাগই এক সময় ব্রিটিশ সম্রাজ্যের অধীনে ছিল।

কমনওয়েলথের প্রধান রাণী দ্বিতীয় এলিজাবেথ। নভেম্বরে শ্রীলঙ্কায় কমনওয়েলথের সদস্যদেশগুলোর সভা হওয়ার কথা রয়েছে। যদিও ওই সম্মেলনে রানী যোগ দিতে পারবেন না।

এবারই প্রথম রানী সম্মেলনে যোগ দিচ্ছেন না। বয়সজনিত কারণে তিনি বিদেশ সফর অনেকটা কমিয়ে দিয়েছেন।