২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক মানবাধিকার লঙ্ঘন করেছে: অ্যামনেস্টি

তুরস্কে গেজি পার্কে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে তা দমন করতে গিয়ে কর্তৃপক্ষ ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 07:03 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

অ্যামনেস্টি জানায়, বিক্ষোভকারী হত্যায় তাজা গোলাবারুদ ব্যবহার করা হয়েছে এবং কয়েকজন নারী বিক্ষোভকারীকে যৌন অপব্যবহার করা হয়েছে।

অন্যান্য বিক্ষোভকারীদেরকে বেধড়ক পেটানো হয়েছে। এতে একজনের মৃত্যুও হয়েছে।

ইস্তাম্বুলের গেজি পার্কে সরকারের তাকসিম স্কয়ার পুনরুন্নয়ন কর্মসূচির বিরুদ্ধে গত মে মাসে বিক্ষোভ শুরু করে জনতা।

এরপর দাঙ্গা পুলিশ কঠোরভাবে বিক্ষোভ দমনে নামলে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ কয়েকসপ্তাহ স্থায়ী হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দমনাভিযানে আহত, বেআইনিভাবে আটক, মারধোরের শিকার এবং যৌন অপব্যবহারের শিকার হওয়াদের সাক্ষাৎকার নিয়েছেন তদন্তকারীরা।

অ্যামনেস্টির বিশেষজ্ঞ এন্ড্রু গার্ডনার বলেন, গেজি পার্কে বিক্ষোভ দমনের চেষ্টায় ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

হরণ করা হয়েছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকারসহ, জীবনের অধিকার, মুক্তচিন্তা এবং স্বাধীনতার অধিকার।