ওবামার মালয়েশিয়া সফর বাতিল
সরকারের অচলাবস্থা পরিস্থিতি সামাল দিতে পূর্বপরিকল্পিত মালয়েশিয়া সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দপ্তর থেকে এ খবর জানানো হয়েছে বলে বিবিসি জানায়।
ওবামার পরিবর্তে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মালয়েশিয়া সফরে যাবেন বলে ওই একই দপ্তর থেকে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের নতুন বাজেটের বিষয়ে কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ও ডেমক্রেট নিয়ন্ত্রিত সিনেটের মধ্যে মতের মিল না হওয়ায় ওই বাজেট পাস হয়নি। ফলে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র সরকার আংশিকভাবে অচল হয়ে পড়েছে।
এতে ৭ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী বেতন পাবেন না। বন্ধ হয়ে গেছে দেশের ন্যাশনাল পার্ক, জাদুঘরসহ সরকারি অনেক ভবন ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি মনুমেন্ট ও পার্ক।
ওবামার প্রস্তাবিত স্বাস্থ্য বিল নিয়ে রিপাবলিকানদের সঙ্গে ক্ষমতাসীন ডেমক্রেটদের এই দ্বন্দ্ব তৈরি হয়।
