রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সিরিয়ায় বিশেষজ্ঞদল
রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংসের কাজ শুরু করতে সিরিয়ায় পৌঁছেছে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞদল।
রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়ার পর নির্ধারিত এ মিশনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সিরিয়া। মঙ্গলবার বিশেষজ্ঞদলটি সিরিয়া পৌঁছেছে।
সিরিয়ায় গৃহযুদ্ধের সময়টিতে এই প্রথম দেশটির রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে দেয়া হল জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ওপিসিডব্লিউ’কে। কাজটি দুরূহ বলেই জানাচ্ছেন বিবিসি’র সংবাদদাতারা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেছেন, তাদের ১৯ টি রাসায়নিক অস্ত্রভান্ডারের মধ্যে গত মাসে সরকার ঘোষিত ৭ টি অস্ত্রভান্ডারের অবস্থানই রণক্ষেত্রে।
এ কারণে ওই এলাকাগুলোতে প্রবেশ করা অস্ত্র পরিদর্শকদের জন্য কঠিন হতে পারে। ফলে কাজ করার সময় স্থানীয়ভাবে যুদ্ধবিরতির ব্যবস্থা করার দরকার পড়তে পারে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভান্ডারে ১ হাজার টনেরও বেশি সারিন গ্যাস, সালফার মাস্টার্ড এজেন্ট ও অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়।
যুক্তরাষ্ট্র-রাশিয়া অস্ত্রচুক্তির আওতায় গত মাসে সিরিয়া তাদের অস্ত্রভান্ডারের পরিপূর্ণ হিসাব ওপিসিডব্লিউ এর কাছে জমা দিয়েছে।
