দক্ষিণ কোরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে বড় কুচকাওয়াজ
দক্ষিণ কোরিয়া গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় কুচকাওয়াজ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর মধ্য দিয়ে দেশটি উত্তর কোরিয়াকে নিজদের শক্তিমত্তা দেখিয়েছে।
মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবসের এ কুচকাওয়াজে প্রদর্শিত বিভিন্ন অস্ত্রের মধ্যে ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো।
৩শ’ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক হায়েনমু-২ এবং ১ হাজারেরও বেশি কিলোমিটার পাল্লার হায়েনমু-৩ প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শন করা হয়।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর ৬৫ তম এ বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এবং জেনারেল মার্টিন ডেম্পসে। নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য তারা সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।
কুচকাওয়াজের ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিয়ুন হাই উত্তর কোরিয়া থেকে মারাত্মক হুমকির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, “ কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি খুবই উদ্বেগজনক”।
তিনি আরো বলেন, “উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি পরিহার করে দেশের জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত আমাদেরকে দেশটির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে”।
