২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এক মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

রোববারের এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১০৭ জন।

বিস্ফোরণে ওই বিপণি বিতানের অন্তত ৮টি দোকান ও আশপাশের গাড়িতে আগুন ধরে যায়। প্রথম বিস্ফোরণটি ছিল অপেক্ষাকৃত ছোট, এটি একটি হাতবোমা বিস্ফোরণ ছিল বলে পুলিশের ধারণা।

তবে দ্বিতীয় বিস্ফোরণটি ছিল বেশ শক্তিশালী। এতে ক্ষয়ক্ষতিও হয় তুলনামূলক অনেক বেশি।

মার্কেটের পাশে একটি দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে প্রায় ২শ’ কেজি বোমাটি পাতা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কর্মকর্তা শাফকাত মালিক।

দূর নিয়ন্ত্রকের মাধ্যমে বোমাটিতে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন তিনি।

আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

প্রাদেশকি সরকারের তথ্যমন্ত্রী শওকত ইউসুফজাই বলছেন, পেশোয়ার পুলিশ স্টেশনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত করে এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

এক সপ্তাহ আগে পেশোয়ারের একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ৮০ জন নিহত হন। গত এক সপ্তাহের মধ্যে শহরটিতে এটি তৃতীয় জঙ্গি হামলা।