হার্ভার্ডে পুরস্কৃত মালালা
মানবতার পক্ষে কাজ করার স্বীকৃতি হিসেবে পাকিস্তানের নারী শিক্ষা কর্মী মালালা ইউসাফজাইকে পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মালালাকে পিটার জে. গোমেজ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০১৩ দেয়া হয়।
হাভার্ড ফাউন্ডেশনের পরিচালক ও হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলোজির অধ্যাপক ড. এস অ্যালেন কাউন্টার তার হাতে এ পুরস্কার তুলে দেন।
হার্ভার্ডের প্রেসিডেন্ট ড্রিউ গিলপিন ফাউস্ট বলেন, নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে অবিচল মালালাকে নিজেদের ক্যাম্পাসে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।
তালেবান অধ্যুষিত পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারী শিক্ষা বিস্তারের পক্ষে সোচ্চার মালালা গত বছর অক্টোবরে গুলিতে আহত হন। অবশ্য তালেবানের পক্ষ থেকে বলা হয়, শিক্ষা বিস্তারের পক্ষে থাকার জন্য নয়, তাদের সমালোচনা করায় মালালার ওপর হামলা হয়।
১৬ বছর বয়সী পাকিস্তানি কিশোরী মালালা রাজনৈতিক নেতা হতে চান। রাজনৈতিক নেতাদের সমাজে অনেক প্রভাব থাকে বলে মনে করেন তিনি।
হার্ভার্ডের অরনেট স্যান্ডার্স থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালা বলেন, সোয়াত উপত্যকা ‘স্বর্গের’ মতো। কিন্তু সেটা এমন একটি বিপজ্জনক জায়গা যেখানে মেয়েদের স্কুলে যেতে নিরুৎসাহিত করতে বহু স্কুল উড়িয়ে দিয়েছে জঙ্গিরা।
“তথাকথিত ওই তালেবান নারী ও শিক্ষার শক্তিকে ভয় পায়।”
এ সময় অনুষ্ঠানে হার্ভার্ডের কয়েকশ’ শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
