২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের হুমকি ইতালির প্রধানমন্ত্রীর

সংসদীয় ভোটে যদি মন্ত্রিসভা পরিস্কার ব্যবধানে জিততে না পারে তবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রীর এনরিকো লেত্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

সংসদে তার সরকারের বাজেটের প্রধান ধারাগুলো অনুমোদন পেতে ব্যর্থ হলে তিনি এই হুমকি দেন বলে বিবিসি জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে লেত্তা বলেন, “আমার খুঁড়িয়ে চলার বা ক্রমাগত হুমকির শিকার হওয়ার কোনো ইচ্ছে নেই। হয় আমরা দেশের ও জনগণের স্বার্থের কথা প্রথমে বিবেচনা করে সামনে এগিয়ে যাব অথবা এসব এখানেই শেষ হবে।“

লেত্তা আগামী সপ্তাহে সংসদে গোপন ভোট আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার মন্ত্রিসভার দুজন সদস্য।

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দল এবং লেত্তার দল মিলে বর্তমান জোট সরকার গঠন করলেও দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে।

প্রতারণার অভিযোগে অগাস্টে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় বার্লুসকোনি তার সংসদ সদস্যপদ হারান। এর প্রতিবাদে বার্লুসকোনির সমর্থকরা সংসদ ত্যাগের হুমকি দিয়েছেন।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, কেন্দ্রীয় ক্ষমতা পেতে লেত্তার মধ্যবাম গণতান্ত্রিক পার্টি এবং বার্লুসকোনির পিপল অব ফ্রিডম পার্টির (পিডিএল) মধ্যে বিবাদ চলছে, যা দেশটির সরকারকে অচল করে দিচ্ছে।

দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে ইতালির যখন রাজনৈতিক স্থীতিশীলতা সবচেয়ে জরুরি তখনই দেশটির মন্ত্রিসভা ভেঙ্গে পড়ার মুখে। যদি পিডিএল জোট থেকে বেরিয়ে যায় তবে ইতালিতে দ্রুত আরেকটি নির্বাচন দিতে হবে।

তিনবারের প্রধানমন্ত্রী বিলিওনিয়ার বার্লুসকোনিকে এক বছরের কারাদণ্ডও দেয় আদালত। কিন্তু বয়স বিবেচনায় তাকে একবছর গৃহবন্দি বা সমাজসেবামূলক কাজের দণ্ড ভোগ করতে হতে পারে।