২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ে জাতিসংঘ প্রস্তাব পাশ

সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ নিমূল করার দাবি সম্বলিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তবে প্রস্তাবটি না মানলে সিরিয়ার ওপর শাস্তিমূলক ব্যবস্থার কোনো হুমকি এতে রাখা হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Sep 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শুক্রবার পাশ এ হওয়ার এ প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই ভোট দেয়।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কয়েক সপ্তাহের প্রবল কূটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে প্রস্তাবটি তৈরি হয় যার বিষয়ে নিরাপত্তা পরিষদের সব সদস্য একমত হয়। সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এক সমঝোতার ভিত্তিতে প্রস্তাবটি তৈরি করা হয়।

গত ২১ অগাস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তীয় এলাকায় বিষাক্ত সারিন গ্যাস হামলা চালানো হয়। এ হামলায় শিশুসহ হাজার খানেক মানুষ নিহত হয়।

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় চালানো এ হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীকে দায়ী করে দেশটিতে হামলা চালানোর প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু দেশে ও দেশের বাইরে বিরোধিতার সম্মুখীন হয়ে সিদ্ধান্ত থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র।

কিন্তু সিরিয়ায় হামলা চালানোর লক্ষ্যে অবিচল ওবামা প্রশাসন হামলার পক্ষে জনমত তৈরির লক্ষ্যে প্রচার ও ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এর আগেই আসাদের সঙ্গে সুর মিলিয়ে রাসায়নিক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছিল রাশিয়া।

সিরিয়ার হামলা চালানোর পরিবর্তে দেশটির রাসায়নিক অস্ত্র নির্মূল করার প্রস্তাব দেয় রাশিয়া। প্রেসিডেন্ট বাশার রাশিয়ার প্রস্তাবে তাদের সায় আছে বলে জানায়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোও প্রস্তাবটি লুফে নেয়।

এ নিয়ে চলতি মাসের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে সিদ্ধান্ত হয়, সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে যার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে যাবে না যুক্তরাষ্ট্র। ওই চুক্তির সূত্র ধরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নির্মূল সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাবটি তৈরি হয়।

তবে প্রস্তাবের ধারাগুলোর বিষয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের সঙ্গে পশ্চিমা শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতবিরোধ দেখা দেয়।

জাতিসংঘ ঘোষণার ৭ম অধ্যায়ের আলোকে নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি প্রয়োগ করে প্রস্তাব মানাতে বাধ্য করার বিষয়টি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে রাশিয়া একমত হয়নি। এ নিয়ে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হলেও শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে একটি সমঝোতা হয়।

কূটনীতিকরা জানিয়েছেন, প্রস্তাবে রাশিয়ার সম্মতি পেতে নিরাপত্তা পরিষদের পশ্চিমা শক্তিগুলো তাদের প্রথমদিকের অনেক দাবি থেকে সরে আসে।

সমঝোতা অনুযায়ী তৈরি খসড়া প্রস্তাব মানার জন্য আইনি বাধ্যবাধকতার বিষয়টি রাখা হয়েছে কিন্তু এর অন্যথা হলে নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি প্রয়োগের কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়নি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স, পুরোপুরি অধ্যায় ৭ এর আলোকে প্রস্তাবটি তৈরি করতে চেয়েছিল।

প্রস্তাব অনুযায়ী সিরিয়া পদক্ষেপ গ্রহণ না করলে দেশটির জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা বর্তমান প্রস্তাবে রাখা হয়েছে তা হলো, অধ্যায় ৭ এর আলোকে নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করতে পারবে। ওই প্রস্তাব আবার নিরাপত্তা পরিষদের সদস্যদের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে এবং প্রয়োজন মনে করলে রাশিয়া তাতে ভেটো দিতে পারবে।

ভোটে প্রস্তাবটি পাশ হওয়ার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী সময়ে জেনেভায় সিরিয়ার সঙ্কট নিয়ে বিশ্বশক্তিগুলো একটি শান্তি সম্মেলন আয়োজন করার আশা করছে।