২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে এক পরিবারের তিন জনসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 12:40 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার সকালে দক্ষিণ মুম্বাইয়ের ডকইয়ার্ড সড়কে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে।

৩০ বছরের পুরনো ওই ভবনে ২১টি পরিবার বাস করতো।

মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় বিএমসির কর্মকর্তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে বলে এনডিটিভি জানিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর ১২টি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়। উদ্ধার কার্যক্রম চালানোর সময় অগ্নিনির্বাপক বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কয়েক বছর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের(বিএমসি)একটি প্রতিনিধি দল ভবনটি পরীক্ষা করে জরুরি সংস্কার এবং সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সুপারিশ করে।

সুরেশ যাদব নামের মিউনিসিপ্যালের সাবেক এক কর্মকর্তা বলেন, ভবনের চার তলায় ২৮টি কক্ষ ছিল, যার ২২টিতে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে বাস করতেন। নিচতলায় একটি গুদাম ছিল, যেখানে বেশ কয়েকজন শ্রমিক বাস করতেন।

মুম্বাইয়ের মেয়র সুরেশ প্রভু বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।