সঙ্গত বক্তব্য দিন, যুক্তরাষ্ট্রকে রুহানি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ‘যুদ্ধবাজ দলের চাপ’ দ্বারা প্রভাবিত হবেন না বলে আশা প্রকাশ করছেন ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি।
মঙ্গলবার ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
সেই সঙ্গে এ বিষয়ে ওয়াশিংটনকে সঙ্গতিপূর্ণ বক্তব্য দেয়ার আহ্বান জানান তিনি।
“প্রেসিডেন্ট ওবামা আজ (মঙ্গলবার) সাধারণ অধিবেশনে যে বিবৃতি পেশ করেছেন আমি তা খুব মনযোগ দিয়ে শুনেছি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে রাজনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে আমি তার সঙ্গে একমত। আশা করি তারা যুদ্ধবাজ গোষ্ঠীর কাছ থেকে সুবিধা গ্রহণের চাপ থেকে নিজেদের সরিয়ে রাখবেন। তাদের বুঝতে হবে, আমরা (মধ্যপ্রাচ্যের দেশগুলো) নিজেরাই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েন্ত্রণের পর্যায়ে পৌঁছে গেছি।“
জাতিসংঘের ১৯৩তম সাধারণ অধিবেশন যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছে রুহানি।
তবে মঙ্গলবার ওবামা ও রুহানির মধ্যে কোনো আলোচনা হয়নি।
অধিবেশনে রুহানি যখন কথা বলছেন তখন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রোজম্যারি ডিকার্লো যুক্তরাষ্ট্রের টেবিলে বসা ছিলেন।
এর আগে ওবামার বক্তব্যের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ উপস্থিত ছিলেন।
জাতিসংঘে নিজের প্রথম ভাষণে রুহানি বলেন, “পরমাণু অস্ত্র বা এই ধরনের ব্যাপকবিধ্বংসী কোনো অস্ত্রের স্থান ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগে নেই। এটা আমাদের মৌলিক ধর্মীয় বিশ্বাস এবং নৈতিক দৃঢ়তার বিপরীত।”
ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না হওয়ায় ইরানকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও অন্যান্যদের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে।
এ ব্যাপারে রুহানি হুঁশিয়ার করে বলেন, ইরানকে পরমাণু প্রযুক্তি প্রত্যাহারের জন্য চাপ দিয়ে কোনো লাভ নেই।
তিনি বলেন, “ইরানের পারমানবিক জ্ঞান এখন অনেক উন্নত। পারমানবিক প্রযুক্তি এবং এর মজুদ এরই মধ্যে শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং এটা বিভ্রম ও অত্যন্ত অবাস্তব যে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প অবৈধ কোনো চাপের কারণে বন্ধ হয়ে যাবে।”
ইসরায়েল ও ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, “ফিলিস্তিন তাদের সীমার মধ্যেই আছে। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ভীষণভাবে লঙ্ঘিত হচ্ছে। তারা তাদের বাড়ি, জন্মস্থান ও মাতৃভূমিতে ফিরে যাওয়া এবং বসতি স্থাপনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”
