সায়ানাইড দিয়ে হাতি হত্যা
জিম্বাবুয়ের বৃহত্তম পার্কের একটি জলাধারে সায়ানাইড মিশিয়ে ৮০টিরও বেশি হাতি হত্যা করেছে দুর্বৃত্তরা। মূল্যবান দাঁতের জন্যই হাতিগুলোকে হত্যা করা হয়েছে।
দেশটির পর্যটনমন্ত্রী ওয়াল্টার মেজেম্বি মঙ্গলবার নিশ্চিত হাতি নিহতের এই সংখ্যা নিশ্চিত করেন বলে বিবিসি জানিয়েছে।
হাওয়াঙ্গে ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্কর্তারা জানিয়েছেন, বিষ মেশানো পানি পান করে অন্যান্য ছোট প্রাণী ও শিকারী প্রাণীও মারা পড়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বনরক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই নয়জনকে পার্কেই হাতির দাঁত লুকিয়ে রাখার সময় আটক করে।
জিম্বাবুয়ের পার্ক বিভাগের পরিচালক জেরি গোতোরা বলেন, “রোববার আমরা যখন হাওয়াঙ্গে পার্ক পরিদর্শন করে আসি তখন সেখানে বিষক্রিয়ায় মৃত ৮১টি হাতি দেখে এসেছিলাম।”
“অন্যান্য আরো প্রাণী মারা গেছে। তবে এখনো পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই”, বলেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে ১ হাজার ৭শ’ ৯৫ বর্গমাইল এলাকাজুড়ে থাকা ওই পার্কে ৪১ টি মারা পড়ে।
সাম্প্রতিক সমযে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে হাতি নিধন বেড়ে গেছে। বিশেষ করে এশিয়ায় হাতির দাঁতের চাহিদা বেশি থাকায় শিকারীরা হাতি হত্যা করে চোরাচালানের মাধ্যমে সেই দাঁত পাচার করে মোটা অংকের অর্থ পেয়ে থাকে।
