ইরান ইস্যুতে নতুন কূটনীতির পথে ওবামা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট দূর করতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে মঙ্গলবার ওবামা বলেন, ইরানের কিছুটা সম্প্রীতির সুরে তিনি উৎসাহ পাচ্ছেন।
তিনি বলেন, দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সমঝোতার জন্য একটি ভিত্তি থাকা দরকার।কিন্তু এ পথে প্রতিবন্ধকতাগুলো জয় করা কঠিন।
তবে এসব প্রতিবন্ধকতা পাহাড়প্রমাণ হয়ে দাঁড়ালেও সঙ্কট সমাধনে কূটনৈতিক পন্থাকে অবশ্যই কাজে লাগিয়ে দেখা উচিত মনে করেন বলে জানান ওবামা।
তিনি এও বলেন, “ কিন্তু এ উদ্যোগ সফল হতে হলে সম্প্রীতির কথাগুলো কাজে পরিণত হতে হবে।যা হবে স্বচ্ছ এবং যাচাইযোগ্য।”
ইরান ইস্যু যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায় এবং একইসঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেয়ার ব্যাপারেও তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান ওবামা।
সমস্যার কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে এরই মধ্যে চুক্তি করার চেষ্টা চালাতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এখন ইরান এ ভিন্ন পথে এগিয়ে যেতে প্রকৃতই প্রতিশ্রুতিবদ্ধ হলে তা ওই অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য হিতকর হবে বলে মন্তব্য করেন ওবামা।
