পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩০
পাকিস্তানের পশ্চিমাঞ্চলে দুর্গম আওরান এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রত্যন্ত এলাকাগুলোতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। ভেঙে পড়েছে বেশকিছু ঘরবাড়ি।
স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৯ মিনিটে (১১ টা ২৯ মিনিট ইউটিসি) অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওরান থেকে ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং পাকিস্তনের কাহরান শহর থেকে ১৭৪ কিলোমিটার দক্ষিণে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের ওই ভূমিকম্প এতোটাই শক্তিশালী ছিল যে হাজার মাইল দূরে ভারতের রাজধানী দিল্লিতেও তা অনুভূত হয়েছে।
বেলুচিস্তান এসেম্বলির ডেপুটি স্পিকার আব্দুল কাদুস রয়টার্সকে বলেন, ৩০ জন নিহত হয়েছে এবং আওরান এলাকার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ভেঙে পড়েছে।
বেলুচের প্রধান সেক্রেটারি বাবর ইয়াকুব এর আগে ভূমিকম্পে ২৫ জন আহত হওয়ার খবর জানিয়েছিলেন এবং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।
বেলুচের আঞ্চলিক রাজধানী কোয়েটায় কর্মকর্তারা জানিয়েছেন, আওরানের কিছু কিছু এলাকা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তারা মনে করছেন।তবে এলাকাটি খুবই প্রত্যন্ত হওয়ায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাচ্ছে না।
এর আগে গণমাধ্যমের প্রাথমিক খবরে বেলুচিস্তানের খুজদার এবং আওরান প্রদেশে কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর জানানো হয়েছিল।
পাকিস্তানের প্রধান ভূতত্ববিদ মোহাম্মদ রিজা সাংবাদিকদের বলেন, এ ধরনের বড় ভূমিকম্প অনেক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।তবে তা নির্ভর করছে ভূমিকম্পের উৎসস্থলের আশেপাশের এলাকায় জনবসতির ঘনত্বের ওপর।
