২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস এ মৃত্যুহার কমছে: জাতিসংঘ

বিশ্বে এইডস ও এইচআইভি সংক্রমণে মৃত্যুহার কমে আসছে এবং আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন এইডস এর চিকিৎসা পাচ্ছে বলে জানানো হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Sep 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

এইচআইভি নিয়ে ‘ইউএনএইডস’ এর বার্ষিক এ প্রতিবেদনে সোমবার বলা হয়, বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা এবং এইডস এ মৃত্যুহার নাটকীয়ভাবে কমেছে। বেড়েছে এ রোগের চিকিৎসা। বিশ্বে এখন প্রায় ৩ কোটি ৫৩ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১২ সালে এইডস এ মৃত্যুর সংখ্যা এর আগের বছর থেকে কমে দাঁড়িয়েছে ১৬ লাখে। ২০১১ সালে এ সংখ্যা ছিল ১৭ লাখ। আর ২০০৫ সালে এ সংখ্যা ছিল ২৩ লাখ।

মৃতের সংখ্যা কমা ছাড়াও উল্লেখযোগ্যভাবে কমেছে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যাও। ২০১২ সালে নতুন করে এইচআইভি আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ২৩ লাখে। এর আগের বছর অর্থাৎ, ২০১১ সালে যা ছিল ২৫ লাখ।

নানা উপায়ে এইডস সংক্রমণ ঘটলেও এন্টিরেট্রোভাইরাল চিকিৎসা এবং থেরাপি দিয়ে এর রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১২ সালের শেষ দিকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ৯৭ লাখ মানুষ এইডস এর এ ধরনের চিকিৎসা পেয়েছে। বছরে এ হার প্রায় ২০ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০০১ সাল থেকে শিশুদের মধ্যে নতুন করে এইচআইভি সংক্রমণ কমেছে বার্ষিক ৫২ শতাংশ । আর শিশু ও বয়স্ক মিলিয়ে নতুন করে এইচআইভি সংক্রমণের হার কমেছে ৩৩ শতাংশ।