চীনে ঝড়ে ২৫ জনের প্রাণহানি
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন উসাগির আঘাতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
ঘণ্টায় ১৮০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়ো হওয়ায় বিশাল বিশাল গাছ উপড়ে পড়ে। বাতাসের তোড়ে রাস্তায় গাড়িও উড়তে আছড়ে পড়তে দেখা গেছে। এই ঝড়ে চীনের ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের কারণে গুয়াংঝু-বেইজিং ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া গুয়াংঝু, শেনঝেন ও হংকং তাদের শতাধিক ফ্লাইট বাতিল করেছে।
বিশ্বের বড় সমুদ্র বন্দরগুলোর একটি হংকং বন্দর। ঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছিলো। নিরাপত্তার জন্য হংকংয়ের অর্থনৈতিক বাজারগুলোও সোমবার সকালে বন্ধ রাখা হয়।
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি দক্ষিণ চীনের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় এর গতি কমে এসেছিলো।
ফলে অনেক বড় ক্ষতি হওয়ার হাত থেকে হংকং বেঁচে গেছে। তবে উসাগির কারণে কিছু এলাকায় বন্যা দেখা দেয়ার সম্ভাবনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
সাউথ চায়না মর্নিং পোস্ট রোববার বৃটিশ সময় সন্ধ্যা ৬টার পর জানিয়েছিল, উসাগি তার শক্তি হারাচ্ছে এবং হংকং থেকে সরে যাচ্ছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ফুজিয়ান প্রদেশ থেকে ৮০ হাজারের বেশি মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিলো। এছাড়া ওই অঞ্চলে অন্তত ৫০ হাজার ত্রাণকর্মী নিয়োগ করা হয়।
ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশের বেশিভাগ অংশের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিলো।
গুয়াংডং প্রদেশের বাসিন্দা লু হ্যাইলিং বলেন, “এটা আমার দেখা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এটা ছিলো ভয়ঙ্কর। ভাগ্য ভালো যে আমরা প্রস্তুত ছিলাম।“
জাপানি ভাষায় উসাগি অর্থ ইঁদুর। ঝড়টি চীনের ডেল্টা নদী অতিক্রম করার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিলো ১৬৫ কিলোমিটার।
পূর্ব এশিয়ায় গ্রীষ্মকালে প্রায়ই টাইফুন হয়। গরম আর্দ্র বাতাস ও নিম্নচাপ ক্রান্তীয় এই ঝড় সৃষ্টি করে।
