২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাটম বোমাটি ফেটে যাচ্ছিল’

১৯৬১ সালে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যায় যুক্তরাষ্ট্র। সে সময় নর্থ ক্যারোলিনায় একটি পরমাণু বোমা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2013, 08:04 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

যুক্তরাষ্ট্রের একটি নথির বরাত দিয়ে শুক্রবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা হামলা চালিয়েছিল তার চেয়ে ২৬০ গুণ বেশি শক্তিশালী ছিল ওই হাইড্রোজেন বোমা।

গার্ডিয়ান জানায়, তথ্য অধিকার আইনের আওতায় অনুসন্ধানী প্রতিবেদক এরিক শ্লোসার ওই নথি সংগ্রহ করেন। ১৯৬১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র যে ভয়াবহ একটি দুর্যোগের দ্বারপ্রান্তে পৌঁছেছিল সে বিষয়ে প্রথমবারের মতো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এতে।

একটি বি-৫২ বোমারু বিমান আকাশে ভেঙে পড়ার পর দুটি মার্ক ৩৯ হাইড্রোজেন বোমা নর্থ ক্যারোলিনার গোল্ডসবোরোতে পড়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই ঘটনা নিয়ে অনেক ধরনের কথা উঠলেও যুক্তরাষ্ট্র সরকার বারবার বলে আসছে, নিরাপত্তা ত্রুটির কারণে আমেরিকার জনগণের জীবন কখনো পরমাণু বোমার ঝুঁকির মুখে পড়েনি।

তবে গার্ডিয়ান প্রতিবেদকের হাতে আসা ওই নথিতে বলা হয়েছে, পরমাণু বোমা দুটির একটি প্রায় ফেটে যাচ্ছিল। শুধু স্বল্প ভোল্টেজের সুইচটি ঠিকমতো কাজ না করায় পরমাণু বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায় যুক্তরাষ্ট্র।

এ বোমার বিস্ফোরণ ঘটলে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটতো। নর্থ ক্যারোলিনার পাশাপাশি ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কেও তা ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে পারতো বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্রের নথি অনুযায়ী সান্ডিয়া ন্যাশনাল ল্যাবোরেটোরিজের জ্যেষ্ঠ প্রকৌশলী পার্কার জোন্স পরমাণু অস্ত্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। `কিভাবে আমি হাইড্রোজেন-বোমাকে অবিশ্বাস করা শিখলাম’ শিরোনামের এক নথিতে তিনি ওই ঘটনার কথা তুলে ধরেন।

তার দেয়া তথ্য মতে পরমাণু বোমা দুটির একটি নর্থ ক্যারোলিনার ফারোর নিকটবর্তী একটি মাঠে এবং অন্যটি একটি তৃণভূমিতে পড়েছিল।

ফারোর কাছে যে বোমাটি পড়েছিল সেটির অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ ঠেকাতে চারটি নিরাপত্তা ব্যবস্থা নেয়া ছিল। কিন্তু তার মধ্যে তিনটি ব্যবস্থাই কাজ করছিল না।

বোমাটি যখন মাটিতে পড়ে তখন ওই বোমার কেন্দ্রে একটি সংকেত যায় এবং সেটি বিস্ফোরিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন শুধু স্বল্প ভোল্টেজের সুইচটি ঠিকমতো কাজ না করায় বিপর্যয় থেকে রক্ষা হয়।