দাঙ্গার উস্কানিদাতা বিজেপি নেতা গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে ভুয়া ভিডিও ছড়িয়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর দায়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সঙ্গীত সোমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মৈরুতে আত্মসমর্পণের পর তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে এনডিটিভি জানিয়েছে।
চলতি মাসের প্রথমদিকে মুজাফফরনগরের ওই দাঙ্গায় প্রায় ৫০ জন নিহত ও ৪০ হাজার মানুষ গৃহহীন হয়।
আত্মসমর্পণের আগে অভিযোগ অস্বীকার করে সোম বলেন, “আমি ভিডিওটি আপলোড করিনি। আমার অফিসের ছেলেরা এটি শেয়ার করেছে। জানার পাঁচ মিনিটের মধ্যেই আমি ভিডিওটি সরিয়ে নিয়েছি।”
বিতর্কিত ওই ভিডিওতে ভারতের দুজন দলিত ছেলেকে খুন করা হয়েছে বলে দেখানো হয়। কিন্তু পুলিশ জানিয়েছে, এই ভিডিওটি দুই বছরের পুরনো ও পাকিস্তানে ধারণকৃত।
এর আগে শনিবার সকালে বিজেপি সভাপতি রাজানাথ সিং দাঙ্গা কবলিত মুজাফফরনগর পরিদর্শনে আসতে চাইলে তাকে অনুমতি দিতে অস্বীকার করে উত্তর প্রদেশের সমাজবাদী সরকার।
এর প্রতিবাদে উত্তর প্রদেশে প্রেসিডেন্টের শাসন জারির দাবি জানিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেন, “মুজাফফরনগরে বিজেপি নেতাদের যেতে না দেয়ার নিন্দা জানাই আমি।”
এর আগে শুক্রবার সোমের সহকর্মী সুরেশ রানাকে দাঙ্গায় উস্কানি দেয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়। তিনি এ দাঙ্গার দায়ে গ্রেপ্তারকৃত প্রথম রাজনীতিবিদ।
বিজেপির এসব নেতা ছাড়াও কংগ্রেস ও বিএসপি’র কয়েকজন নেতার বিরুদ্ধেও দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়েছে। তবে বিজেপি ছাড়া অন্যান্য দলের অভিযুক্ত নেতাদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি।
শুধু নিজ দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার উত্তর প্রদেশজুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি।
