রামদেবকে হিথ্রো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
ভারতের যোগগুরু রামদেবকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।
ব্যবসায়িক ভিসা না নিয়ে পর্যটক ভিসায় লন্ডনে যাওয়ার কারণে শুক্রবার বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
অবশ্য কিছু সংবাদ মাধ্যম জানায়, রামদেবের সঙ্গে থাকা নির্দিষ্ট কিছু ওষুধের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
যদিও রামদেবের মুখপাত্র এসকে তেজারাওয়ালা ওষুধের কারণে জিজ্ঞাসাবাদের বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে তেজারাওয়ালা বলেন, “কেন হিথ্রো বিমানবন্দরে বাবা রামদেবকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা পরিষ্কার নয়। একটি ছোট ব্যাগে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া তিনি সঙ্গে আর কিছুই নেননি। কেন তাকে হেনস্তা করা হলো সেটার ব্যাখ্যা যুক্তরাজ্য কর্তৃপক্ষের দেয়া উচিত।“
পরে রামদেবকে লন্ডনে ঢুকতে দেয়া হয় বলে জানান তিনি।
স্বামী বিবেকানন্দের ১২০তম বার্ষিকী উপলক্ষ্যে পতঞ্চলি যোগপীঠ আয়োজিত কয়েক দিনব্যাপী একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গিয়েছেন রামদেব।
