২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রদ্ধার’ ভিত্তিতে ইরানের সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র

ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার হোয়াইট হাউসের সহকারী মুখপাত্র যোশ আর্নেস্ট এ কথা জানিয়েছেন।

ওই দিন সকালে বারাক ওবামা মিসৌরি যাওয়ার পথে প্রেসিডেন্টের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ এ সফরসঙ্গী সাংবাদিকদের আর্নেস্ট এ কথা বলেছেন।

তিনি বলেন, “ইরানিদের সঙ্গে অনেকগুলো বিষয়ে আমরা সংযুক্ত আছি, আর পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে দেশটির সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যেতে চাই।”

“আর ওই আলোচনার মধ্য দিয়ে ইরানিরা তাদের আন্তরিকতার বিষয়টি তুলে ধরার সুযোগ পেতে পারে যার চেষ্টা করে আসছে তারা,” বলেন তিনি।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির নিউ ইয়র্ক যাওয়ার কথা রয়েছে। একই উদ্দেশ্যে প্রেসিডেন্ট ওবামাও ওই সময় নিউ ইয়র্ক অবস্থান করবেন। ওই সময় দুই নেতার মধ্যে সাক্ষাৎ হওয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আর্নেস্ট জানিয়েছেন, ওবামা ও রুহানির মধ্যে পূর্ব নির্ধারিত কোনো বৈঠকের কর্মসূচী নেই, কিন্তু রুহানির বিভিন্ন মন্তব্যে হোয়াইট হাউসের ধারণা হয়েছে যে, তিনি এমন একজন নেতা যার সঙ্গে সম্পর্ক করা যায়।

পশ্চিমা শক্তিগুলোর ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু নিজেদের পরমাণু কর্মসূচিকে বৈদুৎ তৈরির মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান।