‘সিরিয়ার শরণার্থী শিশুরা এখন শিশুশ্রমিক’
লেবাননে পাড়ি জমানো সিরিয়ার শরণার্থী পরিবারগুলোর শিশুরা পরিবারের মৌলিক চাহিদা মেটাতে বিভিন্ন শ্রমসাধ্য কাজ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা।
সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয়া অন্যান্য দেশ তাদের জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করেছে, যেখানে ন্যূনতম জীবনধারণ উপযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
কিন্তু লেবাননে এ ধরনের কোনো শিবিরের ব্যবস্থা করা হয়নি। এ কারণে দেশটিতে পাড়ি জমানো পরিবারগুলোর অনেক শিশুই নিজেদের খাবার, বিশুদ্ধ পানি ও একটি আশ্রয়ের জন্য কাজে নেমে পড়েছে। তারা স্কুল থেকেও ঝরে পড়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক মারিয়া ক্যালিভিস বলেন, “পরিবারগুলো দরিদ্র এবং আড়াই বছরের গৃহযুদ্ধে (সিরীয় যুদ্ধ) একেবারে বিপর্যস্ত। তার ওপর লেবাননে বসবাসের কারণে তাদের এমন অনেক কিছুই প্রয়োজন হচ্ছে যার জন্য দাম দিতে হয়। এরফলে শিশুদেরও কাজ করতে হচ্ছে।“
বৃহস্পতিবারের ওই সাক্ষাতকারে ক্যালিভিস আরো বলেন, চার লাখ তালিকাভুক্ত শিশুর মধ্যে মাত্র এক চতুর্থাংশ সরকারি স্কুলে যায়। বাকিদের দায়িত্ব নিয়েছে বিভিন্ন দাতা সংস্থা।
কিন্তু বেশিরভাগ দাতা সংস্থার স্থায়ী কোনো শ্রেণীকক্ষ নেই। অস্থায়ী তাঁবুতেই তাদের শিক্ষা কার্যক্রম চলছে।
ক্যালিভিস বলেন, “আমরা স্থায়ীভাবে তাঁবু খাটাতে পারি না। প্রত্যেক রাতে আমরা তাঁবু খাটাই এবং সকালে সেগুলো গুটিয়ে ফেলি। একবার কল্পনা করুন। বছরের ৩৬৫ দিন তিন লাখ শরণার্থী শিক্ষার্থীর জন্য আমরা তাঁবু খাটাই এবং তুলি।“
লেবানন দাতা সংস্থাগুলোকে সেখানে শরণার্থী ক্যাম্প তৈরি করার অনুমতি দেয়নি। যার কারণে সেখানে শরণার্থীদের জীবনযাপন আরো দুর্বিষহ হয়ে উঠেছে।
ফিলিস্তিন শরণার্থী ক্যাম্প নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বিষয়টি নিয়ে লেবাননের জনগণও উদ্বিগ্ন। সেবার ফিলিস্তিন শরণার্থীরা জঙ্গিদের মাধ্যমে প্ররোচিত হলে লেবাননে গৃহযুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধ ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিলো।
জাতিসংঘের তথ্য অনুযায়ী লেবাননে সাড়ে সাত লাখের ওপরে সিরিয়ার শরণার্থী রয়েছে। ধারণা করা হচ্ছে জানুয়ারিতে এটা বেড়ে ১৩ লাখে পৌঁছাবে। আর আগামী বছরের শেষ নাগাদ ১৬ লাখে। যা দেশটির মোট জনসংখ্যার ৩৭ শতাংশে পরিণত হবে।
অনেক শরণার্থী পরিবারে কর্তা ব্যক্তি নেই। কারণ হয় তাদের হত্যা করা হয়েছে নতুবা তারা সিরিয়ায় রয়ে গেছে। অনেক নারী ও শিশু খামারে কাজ করছে। ইউনিসেফের ধারণা অনেক শিশু বিভিন্ন কারখানায়ও কাজ করছে। যদিও বিষয়টি এখনো তদন্তাধীন।
ক্যালিভিস জানান, অনেক শিশু রাস্তায় কুলির কাজ করছে। অনেকে রাস্তায় খাবার, ফুল বা খেলনা বিক্রি করছে। তাদের দৈনিক আয় আড়াই থেকে পাঁচ মার্কিন ডলার।
ইউনিসেফ ও তাদের সহযোগী সংস্থাগুলো শিশু শ্রমের ঝুঁকির বিষয়ে সিরিয়ার শরণার্থী পরিবারগুলোকে সচেতন করার চেষ্টা করছে।
