২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সংকটে মধ্যস্থতা করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, তার দেশ সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Sep 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

সিরিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা করতে ইরানকে নিযুক্ত কারার জন্য বৃহস্পতিবার তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে রুহানির একটি মতামত প্রকাশ করা হয়।

তিনি লেখেন, “আমি ঘোষণা করছি সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে সহজতর আলোচনার জন্য আমার সরকার প্রস্তুত।“

সন্ত্রাস, চরমপন্থা, সাইবারক্রাইমসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলার জাতিসংঘের নির্দয় শক্তি প্রয়োগ না করে সমঝোতার পথ খোঁজা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন রুহানি। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ তাদের নিজেদের হাতেই ছেড়ে দেয়া উচিত বলে মনে করেন তিনি।

সিরিয়ায় বাশার আল আসাদ সরকার ও বিরোধীদের মধ্যে প্রায় আড়াই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আসাদ সরকারকে সমর্থনকারী ইরান অঘোষিতভাবে তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে।

এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট রুহানি ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করছেন।

ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি প্রকল্প নিয়ে চরম আপত্তি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের। এ কারণে ইরানকে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হয়েছে। যা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান ইউরেনিয়াম মজুদ করছে।

যদিও এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে রুহানি বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। ‘শান্তিপূর্ণ পরমাণু শক্তি প্রকল্প’র জন্য তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে রুহানির সঙ্গে বৈঠক করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন প্রেসিডেন্ট রুহানি।