কায়রোর কাছে মুরসিপন্থি শহরে পুলিশী অভিযান
মিশরের রাজধানী কায়রোর উপকন্ঠে ইসলামপন্থি অধ্যুষিত কারদাসা শহরে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। চলছে তুমুল লড়াই।
দুপক্ষের গুলি বিনিময়ে পুলিশের একজন জেনারেল নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় টিভি অন্তত ২৮ জন সন্দেহভাজন জঙ্গি আটক হয়েছে বলে জানিয়েছে।
দিনের শুরুতেই অভিযান চালাতে শহরটিতে প্রবেশ করে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাযান। শহরটি নিয়ন্ত্রণে আনতে এ সপ্তাহে এটি নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় অভিযান।
গত জুলাইয়ে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শহরটিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসলামপন্থিদের তৎপরতা বেড়েছে। গত মাসে কারদাসার পুলিশ স্টেশনে হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হানি আব্দুল লতিফ রাষ্ট্রীয় টিভিতে বলেন, নিরাপত্তা বাহিনী কারদাসাকে ‘সন্ত্রাসী এবং অপরাধী’ মুক্ত না করা পর্যন্ত পিছু হটবে না। পুলিশ ১৪০ জন সন্দেহভাজনকে খুঁজছে বলে জানান তিনি।
