‘কম বয়সীদের সুন্দরী প্রতিযোগিতা নয়’
১৬ বছরের কম বয়সী মেয়েরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষে এরকম একটি আইন করার প্রস্তাব উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ১৪৬ জন সাংসদ এই প্রস্তাবের পক্ষে মত দেন। এর বিপরীতে মত দিযেছেন মাত্র তিন জন।
ফ্রান্সের জাতীয় অধিবেশনে পাশ হওয়ার পর এটা আইনে পরিণত হবে বলে দ্য ডন জানিয়েছে।
‘অতি-যৌনতাচর্চার বিরুদ্ধে: সমতার জন্য একটি নতুন যুদ্ধ’ শিরোনামে সংসদের ওই প্রতিবেদনে প্রাপ্তবয়স্কদের পোশাক যেমন প্যাডেড ব্রা ও উঁচু হিলের জুতা শিশুদের মাপে বানানো নিষিদ্ধ করার কথা বলা হয়। সেই সঙ্গে ১৬ বছরের কম বয়সী শিশুদের সব ধরনের সুন্দরী প্রতিযোগিতাও বন্ধ করার প্রস্তাব করা হয়।
এ ব্যাপারে সাবেক ক্রীড়ামন্ত্রী চান্তাল জোউয়ান্নো বলেন, “আসুন আমরা আমাদের ছোট্ট মেয়েদের প্রথম থেকেই এটা বিশ্বাস করতে না শেখাই যে, শুধু পোশাক পরিচ্ছদ দিয়েই তাদের মূল্য বিচার করা হবে।“
প্রস্তাব অনুযায়ী এ ধরনের সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারীদের দুই বছরের কারাদণ্ড ও ৩০ হাজার ইউরো জরিমানার মুখোমুখি হতে হবে।
২০১০ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনে ফ্রান্সের ১০ বছর বয়সী একটি মেয়ের বেশ কিছু উত্তেজক বৈশিষ্টপূর্ণ ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
ওই ছবিগুলোতে থিলান লউব্রি ব্লোনদেয়াউ নামের মেয়েটিকে অন্য দুজনের সঙ্গে চড়া মেকআপ, আটোসাটো পোশাক ও দামী গহনা পরা অবস্থায় দেখা যায়।
যদিও ভোগ ম্যাগাজিনের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করে বলা হয়, ছোট মেয়েরা তার মায়ের মতো পোশাক পরার যে স্বপ্ন দেখে সেটা বোঝাতেই এই ছবি।
ছবিগুলো শুধু ফ্রান্সেই নয় অন্যান্য অনেক দেশেও বিতর্কের জন্ম দিয়েছে।
