অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন মালালা
তালেবান হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরি মালালা ইউসুফজাই মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেয়েছেন।
নারী শিক্ষা বিস্তারে অবদানের জন্য মালালাকে মঙ্গলবার ২০১৩ সালের ‘অ্যাম্বাসেডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড’ দেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
ডাবলিনে এক অনুষ্ঠানে মালালার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান আমেরিকান গায়ক এবং মানবাধিকারকর্মী হ্যারি বেলাফন্টেও।
পুরস্কার বিতরণের পর অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, হ্যারি এবং মালালা সত্যিকার অর্থেই অ্যাম্বাসেডর অব কনসায়েন্স। তারা সার্বজনীন অধিকার, ন্যায়বিচার, মানব মর্যাদা নিয়ে কথা বলেন এবং অন্যদেরও এ পথ অনুসরণে অনুপ্রাণিত করেন।
শিশু ও নারী শিক্ষার অধিকার নিয়ে কথা বলার জন্য মালালা গত অক্টোবরে তালেবান হামলার শিকার হন। এ ঘটনা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। আহত মালালাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করে ফিরিয়ে আনা হয় স্বাভাবিক জীবনে।
পুরস্কার পাওয়া পর মালালা বলেন, “জ্ঞান ও শিক্ষার শক্তিশালী অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ, সন্ত্রাস, শিশুশ্রম এবং অসমতার বিরুদ্ধে লড়তে পারি। আমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলার জন্য হাতিয়ার হিসাবে দরকার কেবল বই আর কলম”।
