২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই : রাশিয়া

সিরিয়ার রাসায়নিক হামলা সংক্রান্ত জাতিসংঘ তদন্ত প্রতিবেদন নিয়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এতে নিরাপত্তা পরিষদে সিরিয়া প্রস্তাবের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে দেশদুটির পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে তাদের পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গী প্রকাশ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ২১ অগাস্টের রাসায়নিক হামলা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী চালিয়েছে জাতিসংঘের প্রতিবেদনে এমন কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, রাশিয়া বিদ্রোহীদেরই এ হামলার জন্য দায়ী মনে করে।

ল্যাভরভের পাশে বসা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস এর বিপরীত মত প্রকাশ করে বলেন, আসাদ বাহিনী যে এই বিষাক্ত গ্যাস হামলা চালিয়েছে প্রতিবেদনে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এই হামলায় চারশ’ শিশুসহ ১৪শ’রও বেশি লোক নিহত হওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে অনেকেই যুক্তরাষ্ট্রের এ দাবির সঙ্গে একমত নয়।

রাসায়নিক হামলার জন্য যুক্তরাষ্ট্রও আসাদ সরকারকে দায়ী করেছে।

তদন্ত প্রতিবেদনে রাসায়নিক হামলার বিষয়টি প্রমাণিত হলেও অনেকগুলো প্রশ্নের কোনো উত্তর নেই বলে জানান ল্যাভরভ। এগুলোর মধ্যে অন্যতম হল, ব্যবহৃত রাসায়নিক অস্ত্রটি কোনো কারখানায় তৈরি করা হয়েছে না বাড়িতে তৈরি।

“আমাদের এটি বিশ্বাস করার যথেষ্ট ভিত্তি আছে যে এটি উত্তেজনা সৃষ্টি করার একটি প্রচেষ্টা,” বলেন ল্যাভরভ। এগুলো বিদেশি হস্তক্ষেপের পথ প্রশস্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি।