দ্বিতীয় শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দেবে পাকিস্তান
এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দেয়া হবে।
তবে বারাদারের মুক্তির বিস্তারিত পরিকল্পনা তার তুরস্ক সফর থেকে দেশে ফেরার পর ঠিক করা হবে বলে জানিয়েছেন নওয়াজ।
মঙ্গলবার তুরস্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান মনে করছে, বারাদারের মতো মধ্যপন্থী তালেবান নেতাদের মুক্তি দিলে তারা শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পারবেন এবং তালেবানের বিদ্রোহী মনোভাব পরিত্যাগ করে এটিকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে পারবেন।
এই দৃষ্টিভঙ্গী থেকে দীর্ঘদিন ধরেই বারাদারের মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে আসছে দেশ দুটি।
গত সপ্তাহে নওয়াজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বারাদারকে চলতি মাসেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
রাষ্ট্রীয় সফরে তুরস্কে থাকা প্রধানমন্ত্রী নওয়াজও একই কথা পুনর্য্নক্ত করলেন। নওয়াজ জানিয়েছেন, চলতি বছরের অগাস্টে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পাকিস্তান সফরের সময় এ বিষয়ে কারাজাইকে তিনি কথা দিয়েছেন।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন, ১৯ তারিখে তিনি পাকিস্তান ফেরার পর বারাদারের মুক্তির বিষয়ে “কর্মকৌশল” ঠিক করবে সরকার।
২০১৪ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা প্রত্যাহার করা হবে। তার পরবর্তী পরিস্থিতিতে তালেবান গোষ্ঠীর অস্ত্র ত্যাগে বারাদার বড় ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
বিদেশি সেনাদের আফগানিস্তান ত্যাগের দিন যতই ঘনিয়ে আসছে দেশটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ততই বেড়ে যাচ্ছে।
এ অবস্থায় বারাদারের দ্রুত মুক্তির আশা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
তবে কাবুলের প্রত্যাশা মতো বারাদারকে সরাসরি আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান। তাকে সরাসরি পাকিস্তানে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
তবে কয়েকটি সূত্র জানিয়েছে, বারাদারকে সৌদি আরব বা তুরস্কের মতো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করা হতে পারে।
