‘এলিট’দের সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট
সরকারের নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করার অভিযোগে আর্জেন্টিনার অভিজাত সম্প্রদায়ের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার।
শনিবার রাষ্ট্রিয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় উল্লেখ করে অভিজাতদের সমালোচনা করেন কির্চনার।
তিনি বলেন, “ছোট এই গোষ্ঠিটি ইতিহাসের বেশিরভাগ সময় ধরে উন্নতি করে গেছে, তারা দেশের সিংহভাগ শেয়ার অধিকার করে আছে। এখন তাদের নেতিবাচক প্রচারণার জন্যবছরে ৫ শতাংশ হারে সমৃদ্ধির পথে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া বন্ধ হতে চলেছে।”
দেশটির গণমাধ্যমগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “তারা এমন একটি বিভ্রান্তিকর ছবি তৈরি করেছে যা জনগণ বিশ্বাস করছে।”
“অনেকে আগের আর্জেন্টিনায় ফিরে যেতে চায়। যেখানে শ্রমিকদের মজুরি ছিলো অনেক কম এবং সেই তুলনায় মালিকদের লাভের অংশ ছিলো অনেক বেশি,” বলেন তিনি।
তিনি ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার অধিকাংশ মানুষের অবস্থা ভালো হয়েছে বলে যোগ করেন তিনি।
তিনি বলেন, “আর্জেন্টিনার সুবিধাপ্রাপ্ত অংশগুলো ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে অথবা ইতিহাসের পুনরাবৃত্তিতে বিশ্বাস করেন।”
তার সরকার সাফল্যজনক উন্নয়নের মাধ্যমে এবং জনকল্যাণকর নীতি গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হয়েছে বলে দাবি করে ক্রিস্টিনা।
তিনি বলেন, “২০০৩ সালের তার স্বামী নেস্তর কির্চনার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্জেন্টিনার জনগণের জীবন পরিবর্তিত হতে শুরু করে।”
২০০১ সালের শেষ দিকে আর্জেন্টিনা অর্থনৈতিকভাবে এতটাই অবরুদ্ধ হয়ে পড়েছিলো যে রাস্তায় দাঙ্গা ছড়িয়ে পড়েছিলো। নেস্তর সেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন বলে জানান তিনি। নেস্তরের শাসনকালে আর্জেন্টিনার অর্থনীতি শক্তিশালী হয়েছিল বলেও জানান তিনি।
২০০৭ সালে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ক্রিস্টিনা। ২০১১ তে ৫৪ শতংশ ভোট পেয়ে তিনি পুননির্বাচিত হন।
কিন্তু বিরোধীদের ও দেশের ধনিক শ্রেণির বিরুপ মন্তব্যের কারণে দিনে দিনে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এসব ছাড়াও দেশের গণমাধ্যমগুলোর সঙ্গেও ক্রিস্টিনার সম্পর্ক বেশ জটিল। তার সরকারের আমলে গণমাধ্যম বিষয়ে একটি নতুন আইন পাশ হয়। যেখানে সংবাদের স্বাধীনতার সীমারেখার কথা বলা হয়েছে।
আর্জেন্টিনার বৈদিশিক মুদ্রা ক্রয়ের ক্ষেত্রেও তিনি কঠিন নিয়ম চালু করেছেন।
এ বিষয়ে মাত্রা নির্ধারণ করা জরুরী ছিলো জানিয়ে ক্রিস্টিনা বলেন, “একজন প্রেসিডেন্ট হিসেবে আমাকে আর্জেন্টিনার চার কোটি অধিবাসীর সুবিধার বিষয়টি নিশ্চিত করতে হয়, ঋণ শোধও আমাকে ডলারেই করতে হয়, আর যেহেতু আমি ডলার ছাপাতে পারি না তাই আমার পক্ষে ঋণের বোঝা বাড়ানো সম্ভব না।”
