২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না ফেরার গ্রহে যেতে চান ২ লাখ মানুষ

মঙ্গল গ্রহের প্রথম অধিবাসী হতে আবেদন জানিয়েছেন বিশ্বের ১শ’ ৪০টি দেশের ২ লাখ মানুষ। এরা পৃথিবী ছেড়ে পাকাপাকিভাবে মঙ্গলের বাসিন্দা হয়ে যেতে চান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সোমবার এ তথ্য জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান মার্স ওয়ান।

লাল গ্রহ মঙ্গলে মানুষের উপনিবেশ গড়ে তোলার প্রকল্প নিয়ে নেমেছে মার্স ওয়ান। এর পেছনে আছেন নেদারল্যান্ডের উদ্যেক্তা ব্যাস ল্যান্ডসড্রপ ।

২০২২ সালের পর মঙ্গলে মানুষের এ উপনিবেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

মঙ্গলে স্থায়ী আবাস গড়ার লক্ষ্যে ২০২২ সাল নাগাদ পৃথিবী থেকে যাত্রা করার পরিকল্পনা করেছেন তিনি। তবে এ জন্য তার ৬ বিলিয়ন ডলার প্রয়োজন।

মঙ্গলের বাসিন্দা হতে আগ্রহীদের আবেদন করার জন্য এপ্রিলে “মঙ্গলের বাসিন্দা হতে চান” নামে একটি কর্মসূচী চালু করেছে মার্স ওয়ান।

এ পর্যন্ত তাতে সাড়া দিয়েছে দুই লাখ মানুষ। আবেদনকারীদের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ৪৭ হাজার মানুষ ‘মর্তের স্বর্গ’ ছেড়ে চলে যেতে অজানা মঙ্গলে।

দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটির ২০ হাজার মানুষ ‘শাইনিং ইন্ডিয়া’ ছেড়ে চিরকালের মতো চলে যেতে চান নিষ্প্রভ মঙ্গলে।

এর পর আছে উঠতি সুপার পাওয়ার চীন। জনসংখ্যার ভার একটু কমিয়ে এই দেশের ১৩ হাজার মানুষ চলে যেতে চান মঙ্গলে।

২০১৫ সালে মার্স ওয়ান চারজনের ১০টি দলকে ভবিষ্যৎ অভিযাত্রার জন্য কঠিন প্রশিক্ষণ দেয়া শুরু করবে।

এদের মধ্যে একটি দল ২০২৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। সাত মাসে গন্তব্যে পৌঁছবে তারা।

নাসাসহ বিভিন্ন মহাকাশ সংস্থা ল্যান্ডসড্রপের পরিকল্পনায় সন্দেহ প্রকাশ করেছে।

সংস্থাগুলোর অভিমত, মঙ্গলে মানুষের উপনিবেশ গড়ে তোলার মতো প্রয়োজনীয় প্রযুক্তি নেই।