২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতি ব্যর্থ হলে সামরিক ব্যবস্থা: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগ করানোর কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সিরিয়া নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া টিভি ভাষণে ওবামা একথা বলেন।


সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দেয়ার ব্যাপারে রাশিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে ওবামা বলেন, এ প্রস্তাবে সিরিয়ায় সীমিত আকারে হামলা চালানোর বিবেচনা বাদ দেয়ার সুযোগ তৈরি হয়েছে।


ফলে সমস্যা সমাধানে এ কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার চেষ্টায় কংগ্রেসে ভোটাভুটি স্থগিত করেন ওবামা।


কিন্তু একইসঙ্গে অস্ত্র সমর্পনের পরিকল্পনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করে ওবামা প্রয়োজনে সিরিয়ায় হামলার চালানো হতে পারে বলে আভাস দেন।


তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের ও অন্যান্য শক্তিগুলোর যুদ্ধজাহাজ সাড়া দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।

এ পদক্ষেপ নেয়া জরুরি কেন তা ব্যাখ্যা করে তিনি বলেন, “ব্যবস্থা গ্রহণে আমরা ব্যর্থ হলে, আসাদ সরকার দেখবে রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার কোনো কারণ নেই। এভাবে একবার শুরু হলে অন্যান্য স্বৈরাচারী সরকারও রাসায়নিক অস্ত্রের মালিক হতে তা ব্যবহার করতে দ্বিতীয়বার ভাববে না”।


১৬ মিনিটের এই বক্তৃতায় সিরিয়া নীতি নিয়ে ওবামা এ পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও যুক্তিযুক্ত বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

অগাস্টে নিজ নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য প্রেসিডেন্ট আসাদকে দায়ী করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় সীমিত পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন ওবামা।