পুতিনকে হত্যার পরিকল্পনাকারীর ১০ বছর কারাদণ্ড
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার পরিকল্পনার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার মস্কোর একটি আদালত এই রায় ঘোষণা করেন।
সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত লিয়া পিয়ানজিন ডাকাতি, একজন সরকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা এবং অবৈধভাবে বিস্ফোরক তৈরি ও মজুদ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
পিয়ানজিন রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি ইসলামি বিদ্রোহী দলের নেতা ডোকু উমারোভের নির্দেশে অন্য দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
১৯৮৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখস্তানে জন্ম গ্রহণ করেন পিয়ানজিন। ২০১২ সালের জানুয়ারির শুরুর দিকে দক্ষিণ ইউক্রেনের একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ ঘটিয়ে তার সন্দেহভাজন এক সহযোগীকে হত্যার পর তাকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু ২০১২ সালের মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পিয়ানজিনের আটকের খবর প্রকাশ করা হয়। রাশিয়ার টেলিভিশন তার একটি স্বীকারোক্তিমূলক ভিডিও টেপ প্রচার করে।
বিরোধীদলের অভিযোগ, ভোটের আগে ওই খবর পুতিনের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দেয়, যা নির্বাচনে তার সহজ জয় এনে দেয়।
এদিকে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অ্যাডাম ওসমাইয়েভ নামে অন্য একজনের বিচার ইউক্রেনে চলছে।
উত্তর ককেশাসের ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা মূলত চেচনিয়ায় দুটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে অংশ নেয়া বিদ্রোহী, যারা পার্বত্য অঞ্চলে প্রায় প্রতিদিনই হামলা করে।
উত্তর ককেশাস রিপাবলিক অফ চেচনিয়াকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের আওতায় ফিরিয়ে আনতে ১৯৯৯ সালে সেখানে সেনা পাঠান পুতিন। তারপর থেকেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেখানকার ইসলামি বিদ্রোহীরা।
