২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে হামলা এড়ানোর ইঙ্গিত ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিরুদ্ধে হামলা ঠেকানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেয়ার রুশ প্রস্তাব বাস্তবায়ন হলে সিরিয়ায় সামরিক অভিযান এড়ানো যেতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Sep 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

টিভিতে ধারাবাহিক সাক্ষাৎকারে ওবামা বলেন, সিরিয়াকে ছাড় দিতে রাজি করানোর জন্যই শক্তি প্রয়োগ করা প্রয়োজন হয়ে পড়েছে।

কিন্তু তারপরও সিরিয়া সঙ্কট কূটনৈতিক পন্থায় সমাধান করাটাই বরাবর তার পছন্দ বলে এনবিসি টিভিতে জানান ওবামা।

তিনি বলেন, “সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে ছেড়ে দিতে রাজি হলেও দেশটির ভেতরে যে ভয়াবহ লড়াই-সংঘর্ষ চলছে তা নিরসন হবে না”।

“কিন্তু আমরা যদি সামরিক ব্যবস্থা ছাড়াই সিরিয়ার কাছ থেকে এটুকু ছাড় অর্জন করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য ভাল হবে”।

ফলে রাশিয়ার দেয়া প্রস্তাবকে ‘ইতিবাচক’ আখ্যা দিয়ে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হতে পারে এবং এতে করে সিরিয়ায় সামরিক হামলা এড়ানো যেতে পারে ।

অবশ্য একইসঙ্গে তিনি প্রস্তাবটিকে হামলা ঠেকানোর 'কৌশল' হিসেবে ব্যবহার করার ব্যাপারে দামেস্ককে সতর্কও করেছেন।

যুক্তরাষ্ট্রের হামলা এড়াতে রাশিয়া সোমবার সিরিয়াকে রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে ছেড়ে দেয়া এবং তা ধ্বংস করে ফেলতে রাজি হওয়ার প্রস্তাব দেয়।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, সিরিয়া সব রাসায়নিক অস্ত্র সমর্পণ করলে মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে পারে।